প্রত্নসম্পদ, কবরস্থান ও বসতভিটা রক্ষায় সংবাদ সম্মেলন

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:২৬ পিএম

প্রত্নসম্পদ, তিনশ’ বছরের পুরোনো কবরস্থান ও বাড়িঘর রক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনে ছিলেন সরাইল উপজেলার বাড়িউড়ার বাসিন্দারা।

এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই মহাসড়কের পাশে প্রায় তিনশ’ বছর পুরাতন তিন কিলোমিটার বিস্তৃত কবরস্থান রয়েছে। সদর উপজেলার মজলিশপুর, মৈন্দ ও সরাইল উপজেলার নোয়াগাঁও বাড়িউড়া, ইসলামাবাদ, বাড়িউড়া এলাকার মানুষের মরদেহ সমাহিত করা হয় এই কবরস্থানে। বাড়িউড়া এলাকায় এই মহাসড়কের পাশে হাতিরপুল নামক একটি প্রত্নতত্ত্ব  বিভাগের আওতাধীন নিদর্শন রয়েছে। যা দূরদূরান্ত থেকে দর্শন করতে আসেন মানুষ।”

আরও বলেন, “একই এলাকায় ৪০ বছর আগের বাড়িউড়া জামে মসজিদ আছে। এ ছাড়া জাঙ্গাল হাটি ও নোয়াহাটি নামের ঘনবসতিপূর্ণ দুইটি মহল্লা রয়েছে। এই মহল্লাতে নয়শ’ পরিবারের প্রায় সাড়ে চার হাজার মানুষ রয়েছে। প্রতি পরিবারের জায়গা মাত্র ৩০ থেকে ৫০ পয়েন্ট। এই জায়গার বাজার মূল্য থেকে সরকারি মূল্য অনেক কম। যদি এই জায়গা অধিগ্রহণ করা হয় তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে।”

হাবিবুর রহমান বলেন, “সরকার এই মহাসড়ক প্রশস্ত  জনস্বার্থেই করছেন। পাশাপাশি উল্লেখিত ঐতিহাসিক কবরস্থান, প্রত্নতত্ত্ব সম্পদ হাতিরপুল, মসজিদ ও দুই পাড়ার বসতভিটাও জনগুরুত্বপূর্ণ। এ সব স্থাপনা ও কবরস্থান রক্ষা করে দক্ষিণ পাশে সড়কটি প্রশস্ত করার অনেক জায়গা রয়েছে। পাশাপাশি এতে সরকারের বিপুল অর্থের সাশ্রয় হবে। এই  স্থাপনা  রক্ষার জন্য আমরা ইতিমধ্যে আবেদন জানিয়েছি। সরকার আমাদের আবেদন বিবেচনা করে মহাসড়ক প্রশস্ত করবে তা প্রত্যাশা করছি।”

এই দাবিতে প্রকল্প পরিচালক ও জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরসহ আবেদন করেছেন বলে জানান।

এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংবাদিক জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাসান মিয়া, ডা. সাদেক, আব্দুল কুদ্দুস, মো. আল আমিন, আবুল কাসেম মুন্সি, হাজি বজলুর রহমান মাস্টার প্রমুখ। এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত