ফেইসবুক অ্যাকাউন্টের রিচও কি কমে যাচ্ছে?

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৩:১১ পিএম

নভেল করোনাভাইরাস আসার কয়েক বছর আগে থেকেই ফেইসবুক পেজের পোস্ট রিচ কমে গেছে। গত কয়েক দিন ধরে অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের পোস্টও সবার কাছে যাচ্ছে না। যার কারণে লাইক-কমেন্টের সংখ্যা আগের মতো নেই।

ফেইসবুকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধারণা দেয়া হয়নি। তবে অনেক প্রযুক্তিবিদ বলছেন, মহামারীর সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়েল টাইম ব্যবহারকারীর সংখ্যা এবং তাদের পোস্ট অনেক বেড়ে যাওয়ায় রিচে প্রভাব পড়ছে।

‘কেন রিচ কমে,’ ব্যবহারকারীদের এমন প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে ফেইসবুকের অ্যাড প্রোডাক্ট মার্কেটিং টিমের প্রধান ব্রায়ান বোল্যান্ড ২০১৪ সালে ব্লগপোস্টে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের কনটেন্ট বাড়ছে। এগুলো সরবরাহ করতে সময় লাগে। কোনো ব্যবহারকারী প্রতিবার যখন লগইন করেন, তখন গড়ে দেড় হাজারের মতো স্টোরি তার নিউজ ফিডে শো করে। অর্থাৎ একবার লগইন করার পর যতক্ষণ তিনি থাকবেন, ততক্ষণ অত পোস্টই যায়। এখান থেকে আবার ৩০০ জনপ্রিয় পোস্টকে গুরুত্ব দেয়া হয়।’

এখন প্রতিনিয়ত কনটেন্ট বাড়ছে। বাড়ছে ব্যবসায়িক চাহিদা। এর ভিড়ে কার পোস্ট কার নিউজফিডে দেখানো হবে সেটি ফেইসবুক নির্ধারণ করে প্রায় ১ হাজারটি বিষয় বিশ্লেষণ করে। এই বিশ্লেষণের দায়িত্বে থাকে কোম্পানিটির এজ-র‌্যাংক অ্যালগরিদম। আপনার পোস্ট বোরিং হলে এই অ্যালগরিদম সেটি হাইড করে ফেলবে। তখন কারো নিউজফিডে পৌঁছাবে না। নিজের ব্যবহার করা মোবাইলের অপারেটিং সিস্টেমের ভার্সন অনেক পুরোনো হলেও নতুন পোস্ট কম শো করে।

ফেইসবুক তাদের নিউজ ফিডের এই ডিস্ট্রিবিউশনে প্রায়ই পরিবর্তন আনে। যেগুলো আপনি না জানলে পেজের রিচ কমে যাবে।

২০১৯ সালের মে মাসে ফেইসবুক জানায়, যার ভিডিওর কোয়ালিটি ভালো এবং আসল হবে তার রিচ বাড়বে।

যেসব ভিডিওর সময় গড়ে তিন মিনিট সেগুলোর রিচ বেশি থাকে। ভিডিওতে যত নতুন তথ্য থাকবে, রিচও তত বাড়বে। পুরোনো তথ্যের ভিডিও বা পোস্ট অ্যালগরিদম ধরে ফেলে। তখন রিচ র‌্যাংকিং কমে যায়।

ফেইসবুক রিচ বাড়ানোর আরও কৌশল এই প্রতিবেদনে: ফেইসবুক পেজের রিচ বাড়াবেন যেভাবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত