‘সারা রাত জার্সি পরেছিলেন ধোনি, চোখে ছিল জল’

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৭:১৮ পিএম

দলের সবাই যখন জয়ের উৎসবে মেতে ওঠেন, মহেন্দ্র সিং ধোনি থাকেন নির্বিকার। হারের হতাশায় যখন সতীর্থদের ভেঙে পড়তে দেখা যায়, ধোনি তখনো আবেগহীন। দর্শকেরা সাধারণ এমন ধোনিকে দেখে এসেছেন।

ব্যতিক্রম ঘটেছে বলতে গেলে বার দুয়েক। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে রানআউট হয়ে ফেরার সময় ধোনিকে কাঁদতে দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এ রকমই আরেকটি ঘটনা সামনে আনলেন, যখন ধোনিকে রীতিমতো আবেগপ্রবণ দেখেছিলেন তিনি।

অশ্বিন নিজের ইউটিউব শো-তে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসরের কথা উল্লেখ করেন। ২০১৪ সালে মেলবোর্ন টেস্টে ধোনির সঙ্গে ম্যাচ বাঁচাতে লড়ছিলেন অশ্বিন। ম্যাচের শেষে একটা স্টাম্প তুলে নিয়ে ধোনি জানিয়েছিলেন, তিনি শেষ করলেন।

স্মৃতিচারণ করে অশ্বিন বলেন, ‘আমার মনে আছে, যখন ২০১৪ সালে ধোনি টেস্ট থেকে অবসর নেয়, মেলবোর্নে ম্যাচ বাঁচানোর জন্য আমি ওর সঙ্গে ব্যাট করছিলাম। ম্যাচের শেষে ও একটা স্টাম্প তুলে নেয় এবং বলে, ও শেষ করল।’

অশ্বিন বলে যান, ‘ওর কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্ত ছিল সেটা। সেদিন সন্ধ্যায় আমি, রায়না আর ইশান্ত শর্মা ওর ঘরে বসেছিলাম। ও তখনো ওর টেস্ট জার্সি পরেছিল। আসলে ধোনি সারা রাতই জার্সিটা পরেছিল। ওর চোখে কয়েক ফোঁটা জলও দেখেছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত