এবার প্রাথমিক সমাপনী বা পিইসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না করে স্কুলে নেওয়া যেতে পারে। আবার যদি সময়মতো প্রতিষ্ঠান খোলা সম্ভব না হয় তাহলে পরীক্ষা না নিয়ে অটোপাস এমনকি মেধার ভিত্তিতে ফল ঘোষণা করা যেতে পারে। এমন একাধিক
প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
জাকির হোসেন বলেন, ‘পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বিদ্যালয়ে নেওয়ার চিন্তাভাবনা করছি। আগে এটা কেন্দ্রভিত্তিক নেওয়া হতো। এটা না করে স্ব স্ব বিদ্যালয়ে, যাতে করে জমায়েতটা বেশি না হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে আক্রান্ত না হয়, এ রকম চিন্তাভাবনা আমরা করছি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু সিলেবাস শেষ করা যায়নি। আবার যদি প্রতিষ্ঠান খুলতে দেরি হয়, তাহলে পরীক্ষা না নিয়ে অটোপাস করিয়ে মেধার ভিত্তিতেও ফল প্রকাশ করা যেতে পারে। এমন একাধিক প্রস্তাবনা গতকাল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত তিনি (প্রধানমন্ত্রী) নেবেন।’
বিদ্যালয় বন্ধ থাকায় সিলেবাস শেষ করা যায়নি জানিয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এজন্য আমরা বলেছিলাম প্রয়োজন হলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সিলেবাস শেষ করে তখন পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা আছে।’
প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া না গেলে মেধার ভিত্তিতে পঞ্চমের সমাপনী উত্তীর্ণদের যে বৃত্তি দেওয়া হয়, তা এবার দেওয়া হবে না বলে জানান তিনি। তবে আগের মতো প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, ‘এবার পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা না নিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিলে এবার সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা আয়োজন করা হবে না। যতটুকু পড়ানো হয়েছে তার ওপর ক্লাস মূল্যায়ন করে সনদ প্রদান করা হবে। তা না হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘চার-পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেটি অনুমোদন দেন সেভাবে হবে।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। তবে এরপরও স্বাভাবিক ক্লাসে ফেরার পরিবেশ হবে কি-না, সে নিশ্চয়তা নেই।
