ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৪:৫০ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিন্দু সম্প্রদায়ের মানহানির অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে চট্টগ্রামের একটি আদালত। এ বিষয়ে তদন্তে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বেলা সোয়া ৩টায় চট্টগ্রামের মহানগর ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. নোমানের আদালত এ আদেশ দেয়। এর আগে গতকাল দুপুরে আদালতে অভিযোগটি দায়ের করা হয়।

এই মামলার বাদী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামের মানিক দের ছেলে বিপ্লব দে। সনাতন ধর্মের অনুসারী হিসেবে তিনি মামলাটি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মিথুন বিশ্বাস বলেন, অভিযোগটি আদালত গ্রহণ করে মামলাটি নথিভুক্ত করার আদেশ দিয়েছে। পাশাপাশি এই অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সিএমপির গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

আইনজীবী মিথুন বিশ^াস জানান, ঢাকায় ভাসানী পরিষদের এক সভায় রামায়ণ ও মহাভারত সম্পর্কে যে মন্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী করেছেন, তাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে। দণ্ডবিধির ২৯৫ (ক) ও ৫০০ ধারায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘হিন্দুধর্মের গ্রন্থ মহাভারত, রামায়ণ দুটোর মধ্যেই প্ররোচনা ও মিথ্যাচারের গল্পকাহিনী’ রয়েছে বলে ডা. জাফরুল্লাহ মন্তব্য করেন, যা দৈনিক পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।’

রামায়ণ ও মহাভারত সনাতন ধর্মীয় দর্শনের ‘ভিত্তি’ উল্লেখ করে অভিযোগে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জনসমক্ষে দেওয়া বক্তব্য মনগড়া, আপত্তিকর, ধর্মীয় বিদ্বেষমূলক ও বেআইনি। সনাতন ধর্মাবলম্বীর ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কুন্ডমানসে প্রকাশ্যে এরূপ ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি। এতে সনাতন সমাজের ভাবমূর্তি ক্ষুণœ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করায় অভিযোগকারী ব্যক্তিগতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত এবং সম্প্রদায়ের মানহানিতে নিজের মানহানি অনুভব করে অভিযোগটি করেছেন বলে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত