রাজধানীর গাবতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তার নাম জাহাঙ্গীর ওরফে সাকিব ওরফে নিশা স্যার (৩৫)। র্যাব বলছে, তিনি আনসার আল ইসলামের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঞ্চলিক কমান্ডার। গত মঙ্গলবার গভীর রাতে র্যাব-৪-এর একটি দল রাজধানীর দারুস সালাম থানা এলাকার গাবতলী থেকে তাকে আটক করে।
র্যাবের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গত ২৭ জুলাই ‘আনসার আল-ইসলাম’-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৪ আগস্ট ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সংগঠনটির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল গত মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ‘আনসার আল ইসলাম’-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কমান্ডার জাহাঙ্গীর ওরফে সাকিব ওরফে নিশা স্যারকে গ্রেপ্তার করে।
