এবার আমির খানের ওপর খেপেছেন বিজেপি নেতা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০১:৫৯ পিএম

তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করায় এবার আমির খানের ওপর ক্ষুব্ধ বিজেপির রাজ্যসভা সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, দেশে ফিরলে বলিউড সুপারস্টারকে অন্তত দুই সপ্তাহ সরকারি হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকা উচিত।

বুধবার টুইটে লেখেন, কভিড নির্দেশিকা অনুসারে আমির খানেরও উচিত বিদেশ থেকে ফিরে এসে সরকারি হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকা।

‘হিন্দু ন্যাশনালিস্ট’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আমিরের তুরস্ক সফর নিয়ে সমালোচনার রেশ ধরেই কটাক্ষ করেন সুব্রহ্মণ্যম।

নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে আমির এখন তুরস্ক। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট-পত্নী এমিনির সঙ্গে আমিরের তার প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল প্ল্যাটফর্মে শোরগোল শুরু হয়।  বলিউড সুপারস্টারকে ভারত ছাড়তেও বলা হয়।

সম্প্রতি নানা ইস্যুতে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এমনকি কাশ্মীরের ইস্যু নিয়েও মন্তব্য করেছেন তিনি। যে দেশের প্রেসিডেন্ট ক্রমাগত ভারতবিরোধী মন্তব্য করেন, তার স্ত্রীর সঙ্গেই খোশমেজাজে আমির কী করে আড্ডা দেন? তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অনেকে।

‘লাল সিং চাড্ডা’ বয়কট করার দাবিও তুলেছেন কেউ কেউ। এই ঘটনার রেশ ধরেই মঙ্গলবার আমির খানের ধর্মাচরণ নিয়ে নজিরবিহীন কটাক্ষ করেন কঙ্গনা রনৌত। আর সেই বিতর্কেই ঘি ঢাললেন সুব্রহ্মণ্যম স্বামী।

কোয়ারেন্টাইন বিধির পাশাপাশি কটাক্ষ করে আরও বলেন, “তা হলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মৌনব্রত অবলম্বন করা তিন খান মাস্কেটিয়ার্সের তালিকায় আপনাকে অন্তর্ভুক্ত করে বোধ হয় বিন্দুমাত্র ভুল করিনি!”

রবিবার রাতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি টুইটারে তিনটি ছবি শেয়ার করে লেখেন, ‘ইস্তাম্বুলে আমির খানের দেখা পেয়ে খুব ভালো লাগল। আমির খান তার ‘লাল সিং চাড্ডা’ ছবির শেষ অংশের শুটিং তুরস্কে করবেন। এটা জানতে পেরে আমি খুব খুশি। ছবিটা দেখার জন্য তর সইছে না।’

সামাজিক নানা ক্ষেত্রে আমিরের ভূমিকার প্রশংসাও শোনা যায় এমিনিকে। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্য তাকে ধন্যবাদও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত