অগ্রণী ব্যাংকের প্রায় এক কোটি গ্রাহক এখন থেকে বিকাশের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি এ ডিজিটাল লেনদেন উদ্বোধন করেন।
বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিমের সঞ্চালনায় এতে অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, অগ্রণী ব্যাংকের গ্রাহকরা নিজ অ্যাকাউন্ট থেকে বিকাশে বা বিকাশ থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন। এমনকি জরুরি প্রয়োজন বা ব্যাংক বন্ধ থাকাকালেও বিকাশের মাধ্যমে দ্রুত অর্থ লেনদেন করা যাবে। ফলে বাঁচবে গ্রাহকের সময় ও অর্থ।
