দেশের পপ সংগীতের নন্দিত শিল্পী ফেরদৌস ওয়াহিদ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের সহকারি মোশারফ।
বেশ কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকে ভুগছেন তিনি।
সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়, যার রিপোর্ট ‘নেগেটিভ’। তবে কয়েক দিন ধরেই তার শরীরে জ্বর রয়েছে। যার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সত্তরের দশকে গানের সাথে সখ্য গড়ে উঠে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের। তার ছেলে হাবিব ওয়াহিদও দেশের জনপ্রিয় গায়ক।
ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে 'মামনিয়া' গানটি তুমুল জনপ্রিয়তা পায়। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে- ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি।
সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’ প্রভৃতি।
