লাইট-ক্যামেরা-অ্যাকশনে দুই বচ্চন

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০৩:১০ পিএম

অমিতাভ ও অভিষেক একসঙ্গে করোনায় আক্রান্ত হন জুলাই মাসে, সেরেও ওঠেন কয়েক দিনের ব্যবধানে। এবার একসঙ্গে কাজেও ফিরছেন সিনিয়র ও জুনিয়র বচ্চন।

সেপ্টেম্বর মাসে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং শুরু করবেন অমিতাভ। লকডাউনের মাঝেও মে মাসে তিনি ‘কেবিসি’র জন্য একদিন কাজ করেছিলেন।

ওই সময়ে নেটিজেনরা প্রশ্ন তুললে, তার উত্তরও দেন অমিতাভ। তার ব্লগে লেখেন, ‘‘কাজ করা নিয়ে আপনাদের সমস্যা থাকলে, তা নিজেদের কাছেই রাখুন। যথাসম্ভব সুরক্ষার সঙ্গেই কাজ শেষ করা হয়েছে। দু’দিনের শিডিউল এক দিনে শেষ করেছি।’’

এবার ‘কেবিসি’র প্রোমো শুট করবেন অমিতাভ। তার জন্যও সেটে যথাসম্ভব স্যানিটাইজেশন ও সুরক্ষার ব্যবস্থা থাকবে বলেই জানালেন নিজের ব্লগে।

এত দিন মহারাষ্ট্র সরকার ৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুটের ওপরে বিধিনিষেধ আরোপ করেছিল। ফলে শুটে ফেরা নিয়ে ছিল সংশয়। কিন্তু সম্প্রতি বম্বে হাইকোর্টের রায়ে সেই নিষেধও আর নেই। সুতরাং তার কাজে ফিরতে আর বাধা নেই।

এ দিকে অভিষেক বচ্চনও পরবর্তী ছবি ‘দ্য বিগ বুল’-এর শুটিং শুরু করবেন দিনকয়েকের মধ্যে। স্টকব্রোকার হর্ষদ মেহতার চরিত্রে দেখা যাবে অভিষেককে। ১৮ আগস্ট ছবির একটি পোস্টারও রিলিজ করা হয়। রিমোট শুটের মাধ্যমে ছবির প্যাচওয়ার্ক করা যায় কি-না, সে বিষয়ে ইতিমধ্যেই ছবির প্রযোজক অজয় দেবগণের সঙ্গেও কথা চলছে।

অজয় দেবগণ ফিল্মস প্রযোজনা সংস্থার তরফে ড্যানিশ গান্ধী সম্প্রতি জানিয়েছেন, অভিষেক ও বাকি অভিনেতাদের জন্য নিরাপদ ও সুরক্ষিত সেটআপ তৈরি করাই তাদের প্রাথমিক লক্ষ্য। অনুমতি পেলেই কয়েক সপ্তাহের মধ্যে শুটিং শুরু করা হবে। তবে খুব কমসংখ্যক ক্রু নিয়ে কাজ করা হবে।

রিমোট শুটিং পদ্ধতি নিয়ে কথা চলছে ঠিকই। কিন্তু তা বাস্তবায়িত করা সম্ভব না হলে সেটের কাছেই হোটেলের ব্যবস্থা রাখা হবে। এতে শুটের পর অভিনেতারা সেখানেই কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।

অমিতাভ-অভিষেক ছাড়াও বচ্চন পরিবারের আরও দুই সদস্য ঐশ্বরিয়া রাই ও ছোট্ট আরাধ্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গত মাসে। বর্তমানে তারাও সুস্থ আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত