সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। দেশটির রাজপরিবারের এক জ্যেষ্ঠ সদস্য বলেছেন, সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মূল্য হবে জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।
গত শুক্রবার সৌদি সংবাদপত্র আশরাক আল-আওসাতে লেখা এক নিবন্ধে রাজপুত্র তুর্কি আল ফয়সাল বলেছেন, কোনো আরব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। আর সৌদি আরবের সঙ্গে এ ধরনের কোনো উদ্যোগ নিতে চাইলে প্রয়াত বাদশাহ আবদুল্লাহ প্রণীত উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তিতে সৌদি আরবও যোগ দেবে বলে গত বুধবার আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি নিয়ে কয়েক দিন নীরবতার পর গত বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগে তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। আর শুক্রবার পত্রিকায় নিবন্ধ প্রকাশ করে এই বিষয়ে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেন রাজপুত্র তুর্কি আল ফয়সাল আল সৌদ।
