রায়হান কবিরকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:৫৪ এএম

করোনা মহামারীর মধ্যে অভিবাসীদের ওপর মালয়েশিয়া সরকারের নিপীড়নের বর্ণনা দেওয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি রায়হান কবিরকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে পুত্রজায়ার ইমিগ্রেশন অফিস থেকে সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মালয়েশিয়ান এয়ারলাইনসের রাত ১১টার ঢাকাগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। মালয়েশিয়ার রায়হানের আইনজীবী সুমিতা কিসিনা সেদেশের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রায়হানকে বহনকারী ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নির্ধারিত ছিল। তবে গতকাল রাত পৌনে ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর খবর পাওয়া যায়নি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণের সমালোচনা করে আলজাজিরার তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকার প্রকাশের পর গত ২৪ জুলাই রায়হানকে গ্রেপ্তার করা হয়। গত ৩ জুলাই আলজাজিরা টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রামাণ্য প্রতিবেদনে করোনা মহামারীর মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন রায়হান কবির। আলজাজিরাকে তিনি বলেন, ‘মহামারীর মধ্যে অবৈধ শ্রমিকদের আটক ও জেলে পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এটা কোনো মানবিক আচরণ হতে পারে না।’ তবে দেশটির সরকারের কর্মকর্তারা আলজাজিরার প্রকাশিত ওই প্রতিবেদন ‘ভুল, বিভ্রান্তিকর এবং অন্যায্য’ বলে দাবি করেন। ওই প্রতিবেদন সম্প্রচারের পর রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত