আবারও বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। গত বুধবার বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯৫ টাকা দরে বিক্রি হলেও পরদিন তা বেড়ে ১১০ টাকায় বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে ভারত থেকে পণ্যটি আমদানি অব্যাহত রয়েছে। ভারতের গুলডাঙ্গা, নাগপুর ও বিহার প্রদেশ থেকে দেশে কাঁচা মরিচ আমদানি হলেও সম্প্রতি ভারতের নাগপুর ও গুলডাঙ্গা অঞ্চলে বন্যার কারণে এর উৎপাদন ব্যাহত হয়েছে। এখন শুধু বিহার অঞ্চলে রয়েছে, যার কারণে পণ্যটির সরবরাহ কমায় সে দেশেই এর দাম বাড়তির দিকে রয়েছে। এতে করে আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। ফলে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় দেশের বাজারে বাড়তি চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় দাম বাড়ছে। অন্যদিকে এক কেজি কাঁচা মরিচ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে ২৪ টাকার মতো। শুল্ক কিছুটা কমলে দেশের মানুষ কম দামে কাঁচা মরিচ খেতে পারত।’
