লেভার জন্মদিনের গিফট শিরোপা

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:৪০ এএম

চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে রবার্ট লেভানডোস্কির আর দুটি গোল চাই। ১৬ গোল নিয়ে এই রেকর্ডটির মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো। যে ফর্মে আছেন লেভা তাতে আজকের ফাইনালে রেকর্ডটি নিজের করে নেওয়া তার পক্ষে খুব সম্ভব। আর এই পোলিশ স্ট্রাইকার তা করলে শিরোপা জেতা হয়ে যাবে বায়ার্নের। দুদিন আগে ৩২-এ পা দেওয়া লেভানডোস্কির জন্য জন্মদিনের সেরা উপহার হবে সেই ট্রফি।

সেমিতে লিওঁর বিপক্ষে গোলটি এই মৌসুমে এই পোলিশ ফরোয়ার্ডের ৫৫তম গোল। এক আসরের সর্বোচ্চ স্কোরার হওয়ার সুযোগ থাকলেও তা নিয়ে ভাবনা নেই লেভানডোস্কির। রোনালদো নয়, তার চিন্তাটা পিএসজিকে টপকানোর দিকেই ‘আমার মনে হয় যেকোনো ফুটবলারের জন্য শিরোপা বড় লক্ষ্য, একক রেকর্ড নয়। আমিও তাই চাচ্ছি। আমি চাই আমার গোলে দল জিতুক, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতুক। কোনো রেকর্ড হবে এটা মাথায় রাখি না।’ 

শেষ হওয়া বুন্দেসলিগায় ৩৪ গোল করেছেন লেভা। আর এক মৌসুমে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করেছেন টমাস মুলার। মুলারের অনেক বানানো বল থেকেই গোল করেছেন লেভা। মুলারের মতে গোল করার জন্যই লেভানডোস্কির এত খ্যাতি, ‘গোল করার ক্ষমতাটা তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। ওর পায়ে বল গেলে সে যেকোনো মুহূর্তে গোল করতে পারে।’ আজ লেভা স্বরূপে থাকলে স্বপ্ন পূরণ হবে বায়ার্নের। যা তাদের ষষ্ঠ ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেবে। সেই সঙ্গে ২০১৩ সালের পর দ্বিতীয় ট্রেবলও জেতা হবে দলটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত