করোনা আক্রান্ত হয়েও গণভবনে গিয়ে বিশেষ স্মারক ডাক টিকিটের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যাওয়ায় ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) এস এস ভদ্রকে (সুধাংশু শেখর ভদ্র) চাকরি থেকে বরখাস্ত করা এবং বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠনের অনুরোধ জানিয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালকের উদ্দেশ্যে ই-মেইলের মাধ্যমে এ নোটিস পাঠান। নোটিসপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্যত্যয় হলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
গণমাধ্যমের বরাতে হুমায়ুন কবির পল্লব জানান, আইইডিসিআর গত ১২ আগস্ট এস এস ভদ্রের নমুনা সংগ্রহ করে এবং ১৩ আগস্ট সন্ধ্যায় তার করোনা পজিটিভ সংক্রান্ত প্রতিবেদন দেয়। সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর ২৬ ধারা অনুযায়ী রোগ সংক্রান্ত এ ধরনের তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য এটি চরম ঝুঁকি বহন করে।
