নরসিংদী পৌর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে রেশমা আক্তার (২৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার বেলা ১টার দিকে সদর রোডের আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড।
সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানান, শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির সামসুল তার স্ত্রী রেশমাকে নিয়ে আল মামুন হোটেলে ওঠেন। বেলা ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেননি। হোটেল কর্র্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। এ সময় স্বামী সামসুল হককে আটক করে পুলিশ। ওসি আরও জানান, সামসুলকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো যাবে। পুলিশ জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার বছর আগে সামসুল দেশে ফেরেন। তার সঙ্গে স্ত্রী রেশমার সম্পর্ক ভালো ছিল না। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রেশমা নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে থাকতেন। এ দম্পতির দুটি সন্তানও রয়েছে।
কুড়িগ্রামে মাংস রান্না করায় স্ত্রীকে গলা কেটে হত্যা : পারিবারিক কলহকে কেন্দ্র করে ফুলবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় রিয়াজুল ইসলাম জানান, শুক্রবার সকালে মানত করা একটি ছাগল জবাই দেয় অভিযুক্ত নজির হোসেন। ওই মাংস থেকে কিছু তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৩) রান্না করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আনোয়ারার গলায় কোপ দেয় নজির।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জানিয়ে ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব বলেন, আনোয়ারার মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন : সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মফিজুর মোল্যা (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মফিজুর ফুলবাড়িয়া গ্রামের জব্বার মোল্যার ছেলে। পুলিশ জানায়, মফিজুরের পরিবারের সঙ্গে প্রতিবেশী মামুন শেখের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৮ আগস্ট ধানক্ষেতে মামুনের মেহগনি গাছের ডালপালায় ছায়া পড়ায় মফিজুর সেগুলো কেটে দেন। এ ঘটনায় মামুনসহ তার লোকজন মফিজুরের ওপর হামলা চালায়। এতে মফিজুরসহ ৭ জন আহত হন।
টাঙ্গাইলে ছুরিকাঘাত ও মুখে বিষ দিয়ে বৃদ্ধকে হত্যা : সখীপুরে খোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাত ও মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। খোরশেদের ছেলে হানিফ সিকদার জানান, গত বৃহস্পতিবার রাতে বংকুরি বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের মোকছেদ আলী, সানোয়ার হোসেন, তোতা মিয়া, আব্দুর রহিমসহ অজ্ঞাত ২-৩ জন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় তারা মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কীটনাশক ঢেলে দেয়। গুরুতর অবস্থায় বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে রাতে বাবা মারা যান।
নীলফামারীতে ধানক্ষেত থেকে গলায় দড়ি পেঁচানো নারীর লাশ উদ্ধার : সৈয়দপুরে ধানক্ষেত থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় আকলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে উপজেলার কিসামত বালাডাঙ্গার দোলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আকলিমা দিনাজপুরে পার্বতীপুর উপজেলার হাবড়া রসুলপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামত ডাঙ্গুয়া গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে।
সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাৎ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি, হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : শাহজাদপুর উপজেলার রুপনাই গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার রাতে দোলেনা খাতুন (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মামুন খানের স্ত্রী। দোলেনার বড় ভাই ইব্রাহিম হোসেন জানান, বিয়ের পর থেকে মামুন ও তার স্বজনরা নানা অজুহাতে তাদের কাছে মোটা অঙ্কের টাকা ও গয়নার জন্য চাপ দিত। তা না দিলেই তার বোনকে মারধর করত। এসবের জন্য তারা দোলেনাকে হত্যা করেছে।
