২১ আগস্ট হামলার দায় খালেদা জিয়ারও : তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০২:৪৬ এএম

হত্যা-খুনই বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য উল্লেখ করে ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে মসনদে আরোহণ করেন। ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনাবাহিনীর শত শত জওয়ানকে হত্যা করেন। বেগম জিয়াও একই পথ অনুসরণ করেন।’

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে’ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি আমলে শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মমতাজ উদ্দীন, মঞ্জুরুল ইমামকে জনসভার মধ্যে হামলা করে হত্যা করা হয়েছে। শেখ হেলাল, সুরঞ্জিত সেনগুপ্তের ওপর হামলা হয়েছে। খালেদা জিয়ার দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার প্রয়াসে এবং খায়েশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এইসব হামলা পরিচালিত হয়।’ তিনি আরও বলেন, এসব কারণেই কানাডার আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। বিএনপি নেতাদের উচিত এসব ঘৃণ্য হামলার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তাহলে হয়তো জনবিচ্ছিন্ন বিএনপিকে আবার জনগণ কাছে নিলেও নিতে পারে।’ এ সময় তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও বলে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা বিধান করতে পারেননি, সেই দায় তিনি এড়াতে পারেন না, তার জ্ঞাতসারেই এটা হয়েছে। এবং এই হামলার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তখন যা কিছু করা হয়েছে, সবকিছুর দায় তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ওপর বর্তায়। অর্থাৎ তিনিও এই অভিযোগে অভিযুক্ত বিধায় পরিপূর্ণ বিচারের জন্য তাকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।’

হাছান মাহমুদ বলেন, এই গ্রেনেড হামলা শুধু বাংলাদেশের নয় পৃথিবীর ইতিহাসেই একটি ন্যক্কারজনক ঘটনা। সমসাময়িক বিশ্বে আর কোথায় সংসদের বিরোধী দলের নেতা যেখানে বক্তব্য রাখছেন, সেখানে এরকম গ্রেনেড হামলা করা হয়েছে?প্রশ্ন রাখেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত