পাশের বাড়ির ছাদ থেকে ধসে পড়া পানির ট্যাংকের দেয়ালের নিচে চাপা পড়ে রাজধানীতে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উত্তর কমলাপুরে একটি ছয়তলা বাড়ির ছাদের পানির ট্যাংকের দেয়াল ধসে পাশের বাড়ির টিনশেড ঘরে পড়লে এতে চাপা পড়ে রিমা আক্তার (৪২) নামের ওই নারীর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আর মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
মৃত ওই নারীর স্বামীর নাম আহসান উল্লাহ। তিন সন্তানসহ তারা থাকেন উত্তর কমলাপুর ৫৯/৫ নম্বর বাসায়। গত শনিবার রাত ৮টার দিকে ওই বাসার টিনের চালে ধসে পড়ে পাশের বাড়ির পানির ট্যাংকের দেয়াল।
আহসান উল্লাহর ভাবি সৈয়দা নাসিমা জানান, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রিমা আক্তারকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
