স্কুলের চেয়ে বাসায় শিশুদের ঝুঁকি বেশি

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১২:১৮ এএম

চলতি বছরের শুরুতে বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার শুরুর পর থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণের ক্ষেত্রে শিশুদের সুরক্ষিত রাখতে প্রত্যেক দেশই এ ব্যবস্থা নিয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এ করোনাভাইরাস যদি বছরের পর বছর ধরে থাকে, তাহলে কি বছর ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকবে? সম্প্রতি যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, শিশুরা স্কুলের চেয়ে বাসা-বাড়িতেই করোনাভাইরাসের ঝুঁকিতে বেশি থাকে।

বিবিসিকে অধ্যাপক ক্রিস জানান, স্কুলে করোনায় আক্রান্ত হওয়ার চেয়ে বাসায় সংক্রমিত হওয়ার ক্ষেত্র বেশি শিশুদের জন্য। শিশুরা স্কুলে যেতে না পারলে তা তাদের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণে হয়ে দাঁড়াবে। যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলে আগামী সপ্তাহের মধ্যেই স্কুলগুলো খুলে দেওয়া হবে শিক্ষার্থীদের জন্য। প্রশাসন আশা করছে, এতে শিশুদের মানসিক অবস্থার উন্নয়ন ঘটবে। কিন্তু অধ্যাপক ক্রিসের বক্তব্যের পক্ষে কিন্তু অন্য কোনো বিজ্ঞানী বা সংস্থা এখনো কোনো বক্তব্য দেয়নি। ফলে ঝুঁকি নিয়েই খুলছে যুক্তরাজ্যের স্কুল।

স্কটল্যান্ডের স্কুলগুলো ইতিমধ্যেই খুলে দিয়েছে। সেখানে শিক্ষার্থীরা নিয়ম মেনে ক্লাস করতেও শুরু করেছে। অধ্যাপক ক্রিস মনে করেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে প্রমাণ আছে যে শিশুরা দিনের পর দিন বাসায় থেকে বিভিন্ন অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে। অনেককে হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। এদের মধ্যে অনেকেই করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’ এ ক্ষেত্রে স্কুল কর্র্তৃপক্ষ ও শিক্ষকদের ঝুঁকি বুঝে দায়িত্ব পালন করার প্রতি আহ্বান জানিয়েছেন ক্রিস। স্কুল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা আগের তুলনায় বাড়ানো দরকার হবে শিক্ষার্থীদের জন্য। এতে ঝুঁকি অনেকটা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সময় ক্লাসগুলোতে শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব নিশ্চিত করা দরকার হবে। এতে ক্লাসের আয়তনও বাড়াতে হবে।

যুক্তরাজ্যের সরকারি তথ্যানুসারে, গত মার্চ থেকে জুন মাসের মধ্যে ইংল্যান্ড-ওয়েলসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ বছরের নিচে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরা সবাই বাড়িতে থেকেই আক্রান্ত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত