অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০২:৫৫ এএম

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করেছেন।

গত ২৯ জুন এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে ১২ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য পাপিয়া ও সুমনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু ও অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল। দুই আসামির অব্যাহতি চেয়ে তাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবু ফাতেহ মো. গোলাম ফাত্তাহ ও শাখাওয়াত হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল সাংবাদিকদের জানান, পাপিয়া ও সুমনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তাদের কাছে জানতে চাওয়া হয়, তারা দোষী না নির্দোষ। দুজন নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। এর আগে গত ১৮ আগস্ট মামলার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির জন্য গতকাল দিন ঠিক করেছিল আদালত।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (পরে বহিষ্কৃত) পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জাল টাকা বহন ও টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, বেশকিছু পাসপোর্ট, চেক, বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত