সমন্বয় সভায় ডিএমপি কমিশনার

আশুরায় তাজিয়া মিছিল করা যাবে না

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৭:৫৩ এএম

করোনা পরিস্থিতির কারণে ৩০ আগস্ট পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘তাজিয়া মিছিল ও বাইরে সমাবেশ না করার বিষয়ে আমরা উদ্যোগ নেব। তবে স্বাস্থ্যবিধি মেনে ইনডোরে ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে।’

গতকাল রবিবার ডিএমপি সদর দপ্তরে আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আশুরার অনুষ্ঠান আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনার বিস্তার রুখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। সামাজিক দূরত্ব নিশ্চিতে ইমামবাড়াগুলোতে খণ্ড খণ্ড দলে প্রবেশ এবং নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের ব্যবস্থা করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ধর্মীয়ভাবে উদার একটি সমাজ ও রাষ্ট্রে বসবাস করি। আশুরার নিরাপত্তায় আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

এ সময় ডিএমপিপ্রধান জানান, প্রতিটি ইমামবাড়ার প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক করতে হবে। প্রবেশমুখে প্রয়োজনীয়সংখ্যক বেসিন, পানির ট্যাংক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জীবাণুনাশক চেম্বার স্থাপনের ব্যবস্থা করতে হবে। ইমামবাড়ার প্রবেশমুখে তাপমাত্রা মাপার যন্ত্রসহ স্বেচ্ছাসেবক রাখতে হবে। কোনোভাবেই মাস্ক ছাড়া কাউকে ইমামবাড়ায় প্রবেশ করতে দেওয়া যাবে না। করোনা উপসর্গ (যেমন : জ¦র, সর্দি-কাশি, গলাব্যথা ইত্যাদি), অসুস্থ, শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের ইমামবাড়ায় প্রবেশে নিরুৎসাহিত করতে হবে বলে জানান তিনি।

নিñিদ্র নিরাপত্তা : আশুরাকেন্দ্রিক ট্রাফিক শৃঙ্খলা ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে। ইমামবাড়া ও এর আশপাশে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। মেটাল ডিটেক্টরে ম্যানুয়ালি তল্লাশি শেষে আর্চওয়ের মধ্যদিয়ে সবাইকে ইমামবাড়ায় প্রবেশ করতে হবে।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র‌্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং শিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত