শুরুটা থিয়েটারে অভিনয়ের মধ্য দিয়ে হলেও এখন টানা টেলিভিশন নাটক লিখে চলেছেন স্বাধীন শাহ। তার রচনায় একাধিক নাটক প্রচার হয়েছে বিভিন্ন চ্যানেলে, অন-এয়ারে আছে একটি।
২০১৩ সালে টেলিভিশনের জন্য লেখা শুরু করেন এ নাট্যকার। এ পর্যন্ত অর্ধ শতাধিক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক লিখেছেন।
আরটিভিতে প্রচার হচ্ছে স্বাধীনের লেখা ধারাবাহিক ‘ভিলেজ হট্টগোল’। ইমরান হাওলাদার পরিচালিত এ নাটকের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন তিনি। বিশেষ করে গ্রাম কেন্দ্রিক গল্পের বিন্যাস দর্শক পছন্দ করেছেন।
এ প্রসঙ্গে নাট্যকার স্বাধীন শাহ বলেন, “আমাদের চিরচেনা গ্রাম বাংলার ভেতরে ঢুকে পড়েছে নগরের আগ্রাসন। শহুরে সংস্কৃতি, গ্রামে ঢুকে গ্রামকে অস্থির করে তুলছে। যা আমাদের কাম্য নয়। এমন একটি ভাবনাকে কেন্দ্র করে গ্রামের চিকিৎসা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে লেখা হচ্ছে নাটক ‘ভিলেজ হট্টগোল’।”
এর আগে দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’ ও ‘ভালোবাসা প্রেম নয়’ নামের দুই ধারাবাহিক প্রচার হয়েছে যথাক্রমে এটিএন বাংলা ও আরটিভিতে। অন্য ধারাবাহিক ‘বস ব্যাচেলর’-এর শুটিং চলছে, নির্মাণ করছেন বর্ণ নাথ। স্বাধীনের লেখা আরও দুটি ধারাবাহিকের শুটিং শুরু হবে শিগগিরই।
প্রায় দুই যুগ ধরে থিয়েটার আর্ট ইউনিটের সঙ্গে নাট্যচর্চায় জড়িত স্বাধীন। অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। এর মধ্যে উল্লেখযোগ্য কোর্ট মার্শাল, আমিনা সুন্দরী, গোলাপজান, সময়ের প্রয়োজনে প্রভৃতি। বর্তমানে থিয়েটার আর্ট ইউনিটের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া টেলিভিশন নাট্যকার সংঘের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
