হার্ট সুস্থ রাখতে নতুন ধরনের ভেজিটেব্‌ল অয়েল পাউডার

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১২:৪৫ এএম

হার্ট সুস্থ, সবল রাখার জন্য নতুন ধরনের ভেজিটেব্‌ল অয়েল বানিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান।  

খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) তৈরি এই ভেজিটেব্‌ল অয়েল মূলত একটি পাউডার। দামেও সস্তা। নাম দেওয়া হয়েছে ‘পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড' (পিইউএফএ অথবা পুফা)।

গবেষকদের দাবি, বিভিন্ন বেকারি ও কনফেকশনারিতে এখন যে ডেয়ারি ফ্যাট ব্যবহার করা হয়, সদ্য উদ্ভাবিত ভেজিটেব্‌ল অয়েল পাউডার দ্রুত তার বিকল্প হয়ে উঠতে পারবে অত্যন্ত উচ্চ মানের পুষ্টিগুণের জন্য। এই ভেজিটেবল পাউডারের মধ্যে পলিস্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট এমন পরিমাণে রয়েছে যে, তা হার্টকে সুস্থ, সবল রাখতে খুব সহায়ক হয়ে উঠবে।

গবেষকদলের নেতৃত্বে রয়েছেন খড়গপুর আইআইটি-র এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হরিনিবাস মিশ্র।

হরিনিবাস বলেন, হার্টের পক্ষে খুবই ক্ষতিকারক রক্তে থাকা কোলেস্টেরল ও খুব কম ঘনত্বের লাইপোপ্রোটিন। আমরা যে নতুন ভেজিটেব্‌ল অয়েল পাউডার বানিয়েছি, তা রক্তে এই দু’টির পরিমাণই কমিয়ে দিতে পারবে। কারণ, এই ভেজিটেব্‌ল অয়েল পাউডারে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের পলিস্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট। রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্টও।

এই উদ্ভাবন ইতিমধ্যেই অনেকগুলি পুরস্কার পেয়েছে। তার মধ্যে অন্যতম এ বছরের ‘গান্ধীয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড' (জিওয়াইটিআই)।

হরিনিবাস বলেছেন, এই সদ্য উদ্ভাবিত ভেজিটেব্‌ল অয়েল পাউডারের পেটেন্ট হয়ে গিয়েছে। তা দামেও খুব সস্তা হবে।

সূত্র: আনন্দবাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত