বিদ্যুৎ পাচ্ছে ১ লাখ ১৫ হাজার নতুন গ্রাহক

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৩৬ এএম

ঢাকার ১ লাখ ১৫ হাজার নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসছেন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সাব-স্টেশনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নেওয়া হবে নতুন প্রকল্প। এর মাধ্যমে ডিপিডিসির বেশ কয়েকটি ১৩২/৩৩ এবং ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া পাঁচটি সাব-স্টেশনে পাইলটিং ভিত্তিতে স্মার্টগ্রিড সিস্টেমও চালু করা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ৫২৬ কোটি টাকা। চলতি বছর থেকে ২০২৩ সাল নাগাদ এর কাজ শেষ হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই সভা। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিপিডিসির আওতাধীন এলাকায় ‘উপকেন্দ্র নির্মাণ, পুনর্বাসন, বিদ্যুৎব্যবস্থায় ক্যাপাসিটি ব্যাংক স্থাপন এবং স্মার্টগ্রিড ব্যবস্থার প্রবর্তন’ শীর্ষক প্রকল্পটি বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পের আওতায় দুটি ১৩২/৩৩ গ্রিড সাব-স্টেশন ও চারটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণ করা হবে। ১৩২ কেভি লেভেলে ৪৮০ এমভিএ এবং ৩৩ কেভি লেভেলে ৫২৫ এমভিএ বিতরণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। সংস্কার করা হবে বিদ্যমান তিনটি সাব-স্টেশনের।  একই সঙ্গে বিদ্যমান পাঁচটি সাব-স্টেশনের ৩৩ কেভি এয়ার ইন্সটলেটেড সুইচগিয়ারের (এআইএস) স্থলে ৩৩ কেভি গ্যাস ইন্সটলেটেড  সুইচগিয়ার (জিআইএস) প্রতিস্থাপন করা হবে।

এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান সম্প্রতি বলেন, বিদ্যুতের ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেমের উন্নয়নে ডিপিডিসি এলাকায় পরীক্ষামূলকভাবে স্মার্টগ্রিড সিস্টেম প্রবর্তন করা হবে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রথমে কামরাঙ্গীরচর, লালমাটিয়া, গ্রিনরোড, খানপুর ও খিলগাঁওয়ে ৩৩/১১ কেভি সাব-স্টেশনে পাইলটিং ভিত্তিতে স্মার্টগ্রিড সিস্টেম চালু করা হবে। এতে টেকনিক্যাল লস কমে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত