‘ফ্রি হিট’ থাকলে ‘ফ্রি বল’ কেন নয়: অশ্বিন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৫৭ এএম

বোলাররা নো বল করলে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য রয়েছে ‘ফ্রি হিট’। যে বলে হাত খুলে মারতে পারেন ব্যাটসম্যানরা। আউট হলেও সেটি আউট বলে গণ্য হয় না। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সেই প্রসঙ্গ টেনে বলছেন, বোলাররা বল ছাড়ার আগেই ব্যাটসম্যান যদি ক্রিস ছেড়ে বেরিয়ে যায় তাহলে ‘ফ্রি বল’ দেওয়া হোক। সেই বলে ব্যাটসম্যান আউট হলে কাটা যাবে ৫ রান।

অশ্বিন এই দাবি তুলেছেন ‘মানকড় আউট’ নিয়ে আলোচনায়। ‘মানকড় আউট’ হলো নন-স্ট্রাইকিং প্রান্তে কোনো ব্যাটসম্যান বোলারের বল ছোড়ার আগে পপিং ক্রিজ থেকে বের হলে বোলার কর্তৃক তাকে রান আউট করা। এই আউট আইনগতভাবে বৈধ হলেও নীতিগতভাবে ঠিক বৈধ বলা যায় না, কারণ ক্রিকেটের গুডম্যান স্পিরিটের বিরুদ্ধ এই আউটের প্রক্রিয়া।

১৯৪৭ সালে ‘ভিনু মানকড়’ অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে এভাবে আউট করেছিলেন। সেই থেকে এই আউটের নাম ‘মানকড় আউট’।

গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ‘মানকড় আউট’ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ঘটনায় আসরজুড়ে বিতর্ক ছড়িয়েছিল অশ্বিনকে নিয়ে। সেবার কিংস ইভেলেন পাঞ্জাবে খেলা অশ্বিন এবার খেলবে দিল্লি ক্যাপিটালসে। যেখানে কোচ হিসেবে আছেন রিকি পন্টিং। যিনি তার শিষ্যকে ক’দিন আগে এমন কাণ্ড না ঘটানোর সতর্কবাণী দিয়েছেন।

কিন্তু অশ্বিন শুরু থেকেই মানকাড়ের পক্ষে কথা বলছেন। কয়েক দিন আগে, আরেক ভারতীয় ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক বলেছেন, তিনি এটিকে আর সব আউটের মতোই দেখেন। তার দলের কেউ এই আউট করলে আপত্তি নেই বলেও জানান তিনি।

কার্তিক সোমবার টুইটারে অশ্বিন, হার্শা ভোগলে, রোহান গাভাস্কার, ব্রেন্ডন ম্যাককালাম, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, সুব্রামানিয়াম বদ্রিনাথদের ট্যাগ করে জানতে চেয়েছেন মতামত। সেটির প্রেক্ষিতেই অশ্বিন টুইটে জানালেন তার অভিনব ভাবনা।

অশ্বিন লিখেন, ‘আসুন আমরা বোলারের জন্য একটি ফ্রি বল দেওয়ার ব্যবস্থা করি। ব্যাটসম্যানরা যদি সেই বলটিতে আউট হয়, সে ক্ষেত্রে ব্যাটিং সাইডের পাঁচ রান কমে যাবে। ফ্রি হিট ব্যাটসম্যানের জন্য ড্রামা হলে আসুন বোলারদেরও একটি সুযোগ দিই। কারণ এখন বোলাররা বিধ্বস্ত হবে এই আশায় সবাই খেলা দেখতে মাঠে যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত