নির্বাচন কমিশন (ইসি) তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করলেও তা নিয়ে তৎপরতা নেই বিএনপির। উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গতকাল সোমবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি দলটির নীতিনির্ধারকরা। নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিতে না পারলেও মাঠে আছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তারা। উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস ও বন্যার কারণে ইতিপূর্বে যশোর ও বগুড়ার দুটি উপনির্বাচন বর্জন করেছেন তারা। এখন ইসি পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। উপনির্বাচনের তারিখ ঘোষণা হলেও এ বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। ইসি তফসিল ঘোষণা করলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন বুলু। পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব ও ঢাকা-৫ আসনে ছিলেন নবী উল্লাহ নবী। গতকাল সোমবার এই তিন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি। দল উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে আমরা প্রস্তুত আছি। নিজ নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করছি।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো নির্দেশনা নেই। নির্দেশনা দিলে আমরা প্রস্তুতি নেব। দলীয় মনোনয়নপত্র ছাপানো হবে। তা বিক্রি করা হবে।’
গত রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট। ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল সময়মতো ঘোষণা করা হবে। করোনার কারণে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আগেই ৯০ দিন পিছিয়ে দিয়েছে ইসি।
উপনির্বাচনে ইসি’র পদক্ষেপের সঙ্গে সংগতি রেখে দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত রবিবার ছিল ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। গত ১৮ আগস্ট শুরু হয় মনোনয়নপত্র বিক্রি। ৫টি আসনের উপনির্বাচনে মোট ১৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৪ আগস্ট মনোনয়ন বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। বিরোধী দল জাতীয় পার্টি আজ মঙ্গলবার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের মনোনয়নপত্র বিক্রি করবে।
এদিকে করোনাভাইরাসের কারণে ইসি ঢাকা-১৮ আসনে উপনির্বাচন ৯০ দিন পিছিয়ে দিয়েছে। ইসি নির্বাচন পিছিয়ে দিলেও থেমে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দলের চিঠি পেয়েছিলেন ব্যবসায়ী ও বিএনপি নেতা বাহাউদ্দিন সাদী এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেগুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহম্মেদ নির্বাচন করতে চান।
