মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে : ফখরুল

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:০৭ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসন এখন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশে^র গণধিকৃত সব সরকারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে গতকাল বেলা ১১টায় সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতিকারীরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতংক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।’

তিনি বলেন, ‘প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে পৈশাচিক কায়দায় হত্যা করার ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে আইনের শাসন নেই,  দেশ যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাওয়ার পরও সরকারের আনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত