ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার তাদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ও মনসুরের ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট এমপি দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা সংসদ সদস্য দবিরুলকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়েছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। কয়েক দিন আগে সাতবারের নির্বাচিত এ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শামীম হোসেনের করোনা শনাক্ত হয় বলেও জানান সিভিল সার্জন।
এদিকে এমপি মনসুরের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনসুর রহমানকে সোমবার সকাল ১০টার দিকে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়। গত ২২ আগস্ট সাংসদ মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এমপির ডায়াবেটিসের সমস্যা রয়েছে বলেও জানান শফিক।
