চট্টগ্রাম অঞ্চলে ৮৪ হাতির অস্বাভাবিক মৃত্যু

উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:২০ এএম

চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বনাঞ্চলে গত ১৯ বছরে ৮৪ হাতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিব, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে বিবাদী করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। 

অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক জানান, চট্টগ্রাম বনাঞ্চলে চা বাগান রক্ষায় এক ধরনের বৈদ্যুতিক বেড়ার তারে জড়িয়ে, গুলিতে এবং শিকারিদের ফাঁদসহ বার্ধক্যজনিত ও অসুস্থতায় গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। এর মধ্যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৮৪ হাতির। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি যুক্ত করে এ রিট আবেদনটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত