শিল্প খাতে অত্যন্ত সম্ভাবনাময় সিলেটে প্রস্তাবিত ১০০ একর জমি নিয়ে মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিলেটের খাদিমনগর ও গোটাটিকরে দুটি বিসিক শিল্পনগরী রয়েছে। ওই দুটি শিল্পনগরীতে দীর্ঘদিন ধরে কোনো প্লট খালি নেই। এছাড়া অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। এ কারণে নতুন উদ্যোক্তা ও প্রবাসী উদ্যোক্তারা সিলেটে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। এতে শিল্পায়নে সিলেট পিছিয়ে পড়েছে।
চেম্বারের চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। বর্তমানে অনেক প্রবাসী সিলেটে বিনিয়োগে আগ্রহী। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং ভৌগোলিক সুবিধার কারণে সিলেট থেকে এসব রাজ্যে পণ্য রপ্তানি অত্যন্ত সুবিধাজনক। তাই সিলেটে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হলে আমদানিনির্ভরতা কমবে। স্থানীয় চাহিদা পূরণ করে এখান থেকে পণ্য বিদেশেও রপ্তানি করা যাবে। এজন্য সিলেটে প্রস্তাবিত মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন এখন সময়ের দাবি। ১০০ একর জমি নিয়ে প্রস্তাবিত নতুন মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে চিঠিতে।
