জায়নামাজে ইবাদতরত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:১৬ এএম

নড়াইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে জায়নামাজে বসে ইবাদতরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক মল্লিক (৭৫) বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আবদুর রাজ্জাক মল্লিক সোমবার সন্ধ্যায় বাড়ির পূর্বপাশের একটি ঘরে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি জায়নামাজে বসে পবিত্র কোরআন শরীফ পাঠ শেষে দোয়া-দরুদ পড়ছিলেন। তখন অন্ধকারে দুর্বৃত্তরা ওই ঘরে ঢুকে রাজ্জাক মল্লিককে কুপিয়ে ও জবাই করে হত্যা নিশ্চিত করে চলে যায়। পরে বেশ কিছুক্ষণ ধরে পরিবারের সদস্যরা রাজ্জাক মল্লিকের সাড়া না পেয়ে ঘরটিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তখন প্রতিবেশীরা এগিয়ে আসে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রাজ্জাক মল্লিকের মরদেহ উদ্ধার করে। তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত