বর্ণবাদবিরোধী আন্দোলন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ আহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনে গত দুদিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। গত সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে অঙ্গরাজ্যটির গভর্নর ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভিত্তিক পুলিশ বিভাগকে বিলুপ্ত করার দাবিও জানায় কেউ কেউ। তার মধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হতাহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই গত রবিবার সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে রবিবার রাতেই হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করেই সোমবার রাতে আবারও রাস্তায় নামে বিক্ষোভকারীরা। কোর্টহাউসের সামনে জড়ো হয়ে সেøাগান দিতে থাকে। শেরিফের ডেপুটিদের লক্ষ্য করে বোতলও ছুড়ে মারে তারা।
