মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান শেষে হাসপাতালটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুজয় সরকার বলেন, ‘দুপুরের পরপর আমরা সেখানে অভিযান পরিচালনা শুরু করি। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।’
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘হাসপাতালের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদও অনেক আগেই শেষ হয়েছে। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ। এছাড়া হাসপাতালের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতাল এক ফ্লোরে কখনই এ দুই ইউনিট রাখতে পারে না। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনে কিছু পরামর্শ দিয়েছেন। এগুলো ঠিক করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।’
