কুষ্টিয়ায় গৃহবধূ হত্যায় প্রতিবেশী যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:০৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর থানার এক গৃহবধূ হত্যা মামলায় প্রতিবেশী যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে পলাতক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন- দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগরত আলী মোল্লার ছেলে মো. কলম মোল্লা ওরফে মো. কলম মোল্লা (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থল দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে নিহত গৃহবধূ ৩ সন্তানের জননী পারুল খাতুনকে(২৮) তার নিজ বাড়ির সামনে রাস্তার উপর জ্বালানির খড় শুকাতে দেয়ার সময় পূর্ব থেকেই সৃষ্ট শত্রুতার জের ধরে প্রতিবেশী আসামি কলম মোল্লা ধারালো হাঁসুয়া দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

ঘটনাস্থলেই গৃহবধূ পারুল খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা হাবিল শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় কলম মোল্লা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ১৫/১২/২০১৪ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করে বলেন, দৌলতপুর থানার প্রতিবেশী গৃহবধূ পারুল হত্যা মামলার আসামি কলম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক থেকে বিচার কার্যক্রমের মুখোমুখি হননি।

সেই সঙ্গে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় পেনাল কোড দ:বি ৩০২ ধারায় আসামি কলম মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামি লিপি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত