সঞ্জয় দত্তের ক্যানসার নিয়ে খবর প্রকাশ হলে উদ্বেগ প্রকাশ করে ভক্তরা। এ নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুজবও। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, সঞ্জয়ের অসুস্থতা নিয়ে কোনো ধরনের গুজবে কান দিতে।
এখন কেমন আছেন মুন্না এমবিবিএস খ্যাত সঞ্জয় দত্ত? টাইমস অব ইন্ডিয়াকে তার শারীরিক অবস্থা নিয়ে জানিয়েছেন অভিনেতা রাহুল মিত্র।
তিনি বলেন, ‘ভুয়া খবর রটেছে চারদিকে। সঞ্জু প্রাথমিকভাবে মুম্বাইয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছু পরীক্ষার ফলাফল এখনো আসেনি। তিনি একজন যোদ্ধা এবং বিজয়ী হিসেবে এই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসবেন -আমার এ নিয়ে সন্দেহের কোন কারণ নেই এবং এই প্রতিক্রিয়াটি কেবল আবেগের ভিত্তিতে নয়, সত্যেরও ভিত্তিতে। অনুমান করা বন্ধ করুন, এবং যদি এখন আপনাকে কিছু করতে হয়, তা হল কেবল তার জন্য মঙ্গল কামনা।’
সঞ্জয় দত্ত মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত আগেই জানান যে, কভিড -১৯ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন না সঞ্জয়।
এর আগে সঞ্জয় দত্ত একটি বিবৃতি শেয়ার করে ভক্তদের জানিয়েছিলেন যে, তিনি চিকিৎসার করার জন্য কাজ থেকে সামান্য বিরতি নিচ্ছেন।
তার এ বিবৃতি প্রকাশের পর থেকেই অনেকে উদ্বেগ প্রকাশ করেন। বুধবার মান্যতা এ বলিউড তারকার সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘যারা সঞ্জুর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং শুভেচ্ছার কথা জানিয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য আপনাদের প্রার্থনার দরকার।’
ভক্তদের কাছে তিনি অনুরোধ করেন, অনুমান এবং অনাকাঙ্ক্ষিত গুজবের শিকার না হয়ে তারা যেন শুধু তাদের ভালোবাসা দিয়ে যায়।
