বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) ইন্টারসেশনাল সভায় এ আগ্রহ প্রকাশ করা হয়।
সভায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রতি তিন থেকে চার মাস পর টিকফার ইন্টারসেশনাল সভা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের স্থগিতকৃত জিএসপি সুবিধা পুনরায় চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, আগে ঘোষিত বিভিন্ন দেশের জন্য জিএসপি সুবিধা প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। পরবর্তী প্রকল্প চালু হলে বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদানের বিষয় বিবেচনা করার সুযোগ আছে।
সভায় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া) ক্রিস উইলসনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
