লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্ত। ২০০০ সালের জুলাই থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি ক্লাবের দায়িত্বে থাকা গাসপার্ত মনে করেন, বার্সার উচিত মেসিকে এই মৌসুমে তার রিলিজ ক্লজের ১ ইউরো কমেও বিক্রি না করা।
‘মেসি ক্লাব ছাড়তে পারে না! যেতে হলে ২০২১ সালে যাবে। আমি চুক্তিটা দেখেছি, সেখানে সব পরিষ্কার করেই লেখা আছে। চুক্তির ওই শর্তটার মেয়াদ জুন মাসেই শেষ হয়ে গেছে, সেটিকে এখন আর কাজে লাগানো যাবে না। আমি বরং ওকে এখন ৭০ কোটি ইউরোর কমে ছাড়ার চেয়ে আগামী মৌসুমে ফ্রি-তে ছেড়ে দিতে রাজি।’ বলেছেন গাসপার্ত।
গাসপার্তের সময়েই বার্সেলোনার অ্যাকাডেমিতে মেসির প্রথম পা ফেলা। এমন একজনের প্রতি ভালোবাসা গাসপার্তের আছেই, তবে এখানে ক্লাবই তার কাছে বড় বলে দাবি করলেন, ‘আমি মেসিকে অনেক ভালোবাসি, কিন্তু বার্সেলোনাকে তার চেয়েও বেশি ভালোবাসি। কেউ ওকে চাইলে রিলিজ ক্লজের টাকা দিয়ে নিক।’
গাসপার্তের সভাপতিত্বের সময়টা বার্সার ইতিহাসে আরেকটি কারণে বিখ্যাত। তার সময়েই বার্সেলোনা ছেড়ে লুইস ফিগোর রিয়াল মাদ্রিদে সেই আলোচিত দলবদল। ফিগোকে রিয়াল নিয়ে গিয়েছিল রিলিজ ক্লজ পরিশোধ করেই। সেই স্মৃতি স্মরণ করে গাসপার্ত বললেন, ‘(লুইস) ফিগোকে নিয়ে এক রাতে ওরা এভাবে বিশ্বাসঘাতকতা করে (রিলিজ ক্লজ পরিশোধ করে) আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি রিভালদোকে এভাবে (রিলিজ ক্লজ পরিশোধ করে) এনেছি, কারণ আমি বার্সেলোনাকে ভালোবাসি। এখানেও (মেসির ক্ষেত্রে) ব্যাপারটা একই। চুক্তিতে রিলিজ ক্লজের অঙ্ক ৭০ কোটি ইউরো আর চুক্তি সই করাই হয় সেটি ঠিকভাবে পালন করার জন্য।’ তিনি মনে করেন মেসি নাটক করছে, ‘ফুটবল খেলোয়াড়দের এসব নাটক আমি খুব ভালোই জানি। আমরা সবাই চাই ও বার্সেলোনায় থাকুক। ক্লাবের লাখো সমর্থক যে ওকে থাকতে অনুরোধ করছে সেটার দাম নেই? ও কি এটা মানে না যে আজ ও যেখানে, সেখানে আসতে বার্সেলোনাই ওকে সাহায্য করেছে?’ মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তে ক্ষেপেছেন মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী টনি ফ্রেইক্সা। মেসির চলে যাওয়ায় কোনো ক্ষতি দেখছেন না তিনি। রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি ‘যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সে ক্লাবটির প্রতি শ্রদ্ধাবোধ না রেখে একটি অহেতুক ও প্রতিক্রিয়াহীন উপায়ে চলে যেতে চাইছে। আমি এ বার্সেলোনা খেলোয়াড়ের ওপর হতাশ ও বিস্মিত হয়েছি। মেসি যা করেছে তাতে আমি হতাশ। চুক্তি অবশ্যই পূর্ণ করতে হবে এবং তাকে যেটা করতে হবে ক্লাবে ৭০০ মিলিয়ন ইউরো আনতে হবে এবং এরপর চলে যেতে পারে।’ অন্যদিকে প্রেসিডেন্ট পদে আরেক প্রার্থী হুয়ান লাপোর্তা মেসির এমন সিদ্ধান্তের জন্য বার্সা পরিচালকদের দায়ী করেছেন।
