বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষীদের দেওয়া সাক্ষ্যের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এদিন মামলার সাক্ষী থেকে আসামি বনে যাওয়া জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের যৌক্তিকতা তুলে ধরেন। এ ছাড়া ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রিফাতের ওপর হামলার দৃশ্যের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য এবং আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর যুক্তিতর্ক উপস্থান করেন। এ সময় তাকে সহযোগিতা করেন নারী ও শিশু আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল।
গতকাল সকাল ১০টায় বরগুনা জেলা কারাগার থেকে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। এর পরপরই আদালতে হাজির হন মিন্নি। পরে রাষ্ট্রপক্ষ আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। বিচারক দুপুর ১টায় আদালতের কার্যক্রম আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করেন।
প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের পিপি সাংবাদিকদের বলেন, আগামী রবিবার নাগাদ আসামিপক্ষের আইনজীবীদের রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে বক্তব্য উপস্থাপনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাতকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। রিফাত ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
