‘বাড়ি থেকে পালিয়ে’ শহর দেখতে এসে ফুটপাতে রাত্রিবাস দুই কিশোরের

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০১:৪৭ এএম

অনেকটা ঋত্বিক ঘটকের ‘বাড়ি থেকে পালিয়ে’ সিনেমার গল্পের মতো। তবে ছবির গল্পে গ্রাম থেকে কলকাতায় পালানো বালক ছিল একটি। কিন্তু মঙ্গলবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তা থেকে বাড়ি থেকে পালিয়ে শহর দেখতে আসা দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোর একে অন্যের বন্ধু। সোমবার রাত সাড়ে তিনটা নাগাদ টহলরত বড়বাজার থানার পুলিশ মহাত্মা গাঁধী রোডে তাদের হাত ধরাধরি করে হাঁটতে দেখে অবাক হয়ে যান। দু’জনকে বড়বাজার থানায় নিয়ে যাওয়া হয়। দুই কিশোরের চোখমুখ, চেহারা বিধ্বস্ত ছিল। তাদের জন্য হাল্কা খাবার ও থানার শিশু কর্নারে বিশ্রামের ব্যবস্থা করা হয়।

বড়বাজার থানা সূত্র জানায়, ওই দুই কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তারা দত্তপুকুরের একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের মাধ্যমেই দুই কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। মঙ্গলবার বিকেলে দু’জনের মা-বাবার হাতে তাদের সন্তানদের তুলে দেওয়া হয়।

তাদের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, টানা লকডাউনে ঘরবন্দি থাকায় তাদের ছেলেরা হাঁপিয়ে উঠেছিল। বেড়াতে যাওয়ার কথা বাবা-মাকে তারা প্রায়ই বলত। বাবা- মা তাদের বর্তমানে করোনা পরিস্থিতির কথা অনেক বোঝালেও তারা মানতে চাইত না।

তদন্তকারীরা জানান, দুই কিশোর তাদের জমানো কয়েকশো টাকা নিয়ে ২৩ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা দূর হেঁটে তারা একটি গাড়িতে উঠে কলকাতায় চলে আসে। দু’রাত তারা ফুটপাতেই কাটিয়েছে।

সূত্র: আনন্দবাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত