উইসকনসিনে বিক্ষোভে গুলি নিহত ২

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০২:১৩ এএম

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভের তৃতীয় রাতে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ভোরের দিকে পরিস্থিতি সহিংস রূপ নিলে এই হতাহতের ঘটনা ঘটে। গুলিতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে কেনোশা পুলিশ কর্র্তৃপক্ষ। টানা তৃতীয় দিনের মতো কেনোশায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, তীব্র গোলাগুলির মাঝে আতঙ্কিত লোকজন পালানোর চেষ্টা করছেন। বিক্ষোভ দমাতে পুলিশ কারফিউ জারি করলেও মঙ্গলবার তা উপেক্ষা করে রাজপথে নেমে আসেন মানুষ। পরে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়।

এক বিবৃতিতে কেনোশা পুলিশ বিভাগ বলছে, মঙ্গলবার মধ্যরাতের আগ মুহূর্তে গোলাগুলির ঘটনায় দুজন নিহত ও অন্য একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাস্তায় রাইফেল হাতে এক ব্যক্তিকে দেখার পর উত্তেজিত জনতা তাকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর একপর্যায়ে ওই ব্যক্তি রাস্তায় পড়ে যায়। তখনই সে বিক্ষোভকারীদের দিকে তাক করে গুলি চালায়। রয়টার্স বলছে, বিক্ষোভকারীদের একজন রাইফেল হাতে থাকা ব্যক্তিকে উড়ন্ত লাথি মেরে মাটিতে ফেলে দেন। অপর এক বিক্ষোভকারী তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে কাছাকাছি স্থান থেকে ওই বন্দুকধারীকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপর একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। আশপাশের লোকজন তাকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। অন্য একজনকে বাহুতে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ২৯ বছর বয়সী এক তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাকে বেশ কয়েকবার গুলি করা হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানান।

গত রবিবার একেবারে কাছ থেকে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে গুলি করে পুলিশ। এ ঘটনার পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কেনোশা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ধস্তাধস্তিতে রূপ নেয়। এর একপর্যায়ে সেখান থেকে ছুটে নিজের গাড়িতে গিয়ে ওঠার চেষ্টা করলে পেছন থেকে ব্লেককে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া ব্লেককে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত