কবি ও লেখক শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট, কলকাতার পার্ক সার্কাসে। ১০ বছর বয়সে চলে আসেন ঢাকায়। ১৯৫৩ সালে মাত্র ১১ বছর বয়সেই ‘পরিক্রমা’ শিরোনাম দিয়ে তিনি একটি কবিতা লিখে ফেলেন, যেটি ছাপা হয় মহিউদ্দিন আহমদ সম্পাদিত ‘স্পন্দন’ পত্রিকায়। এরপর লিখেন ‘জলকন্যার জন্য’। সেটিও স্পন্দনেই ছাপা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘উত্তরাধিকার’ বের হয় ১৯৬৭ সালে। তখন তার বয়স ২৫ বছর। ১৯৭৮ সাল থেকে প্রবাস জীবন শুরু করেন। তিনি বার্লিন, লন্ডন, বোস্টন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিউ ইয়র্কে বসবাস করেছেন। শহীদ কাদরীর কাব্যগ্রন্থের সংখ্যা চারটি ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ এবং ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’। এই চারটি গ্রন্থে সন্নিবেশিত হয়েছে ১২২টি কবিতা। তিনি একজন পরিপূর্ণ নাগরিক কবি। প্রকৃতপক্ষে গ্রামীণ জীবনের স্বাদ গ্রহণ বা অভিজ্ঞতা অর্জনের কোনো সুযোগই তিনি পাননি। যে কারণে তার কাব্যভাষাটিও হয়ে উঠেছে শহুরে। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ এবং প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। ১৯৭৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ২০১১ সালে অর্জন করেন একুশে পদক। ২০১৬ সালের ২৮ আগস্ট নিউ ইয়র্কের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
×
