বেজোসই প্রথম ২০ হাজার কোটি ডলার সম্পদের মালিক

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:১৭ এএম

আরও ধনী হলেন জেফ বেজোস। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছেন তিনি। গত বুধবার বেজোসের সম্পদের পরিমাণ হয়েছে ২০ হাজার ৪৬০ কোটি ডলার, যা জানুয়ারিতে ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার। ফোর্বসের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার বেজোসের কোম্পানি আমাজন ডটকমের শেয়ার দর ২ শতাংশ বেড়ে তার নিট সম্পদ এক দিনেই ৪৯০ কোটি ডলার বাড়ে। এর মধ্য দিয়ে ২০ হাজার ডলারের সম্পদের মালিক হয়ে যান ৫৬ বছর বয়সী বেজোস। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাজনের শেয়ারদর বেড়েছে ৮০ শতাংশ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের চেয়ে এখন প্রায় ৯ হাজার কোটি ডলার বেশি সম্পদের মালিক তিনি। গেটসের সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি ডলার।

করোনার কারণে লকডাউন ও বিধিনিষেধের মধ্যে সবচেয়ে বড় উপকারভোগীদের মধ্যে রয়েছে আমাজন, অ্যাপল, ফেইসবুক ও গুগল। কারণ এ সময় মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করেছে, ভিডিও দেখেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়েছে। আমাজন ছাড়াও ওয়াশিংটন পোস্ট, মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের মালিক জেফ বেজোসের আরও অনেক বেসরকারি বিনিয়োগ রয়েছে।

গত বছর বিবাহ বিচ্ছেদ ও শেয়ারের দাম কমে যাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, বেজোস শীর্ষস্থান হারাবেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদের কারণে তার বিপুল সম্পদ হাতছাড়া হয়েছে। মূলত কোম্পানিতে তাদের দুজনের যৌথ শেয়ারের ৭৫ শতাংশ ছিল বেজোসের। বাকিটা তার প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত