আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
ক্ষমতার দাপট না দেখানোর জন্য দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। ক্ষমতায় থেকে যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না। যারা দল করেন তারা মনে রাখবেন যে, দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘হত্যা হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িত না থাকতেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন, তাহলে আরেকটি খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করতে পারত না বলে আমার বিশ্বাস। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে।’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন হত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের যিনি পুরস্কৃত করেছেন এবং হত্যার বিচার করা হবে না বলে ইনডেমনিটি আইন সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিলেন তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তারপর আবার ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা। যারা বিচারবহির্ভূত হত্যার কথা বলে তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয়।
দেশে বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘যে হারে সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞরা করেছিলেন, সেই হারে সংক্রমণ হয়নি। তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলতে শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক হতে হবে। স্বাস্থ্য খাতে জনবল বাড়ানো হয়েছে, জনবল আরও দরকার। আমাদের করোনা সুরক্ষাসামগ্রী আরও দরকার। কিছু কিছু বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা ও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। সেবার ব্রত নিয়ে সকলকে কাজ করতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভির সভাপতিত্বে সভায় বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
