শাকিব-মাহির দেখা হচ্ছে শিগগিরই

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৭:০৯ পিএম

মাহির বিপরীতে সাত বছর পর অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া। এই খবর আসে মাস চারেক আগে। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। সেই জটিলতায় কাটিয়ে ‘নবাব এলএলবি’ নিয়ে ময়দানে নামছেন পরিচালক অনন্য মামুন।

কয়েক দিন আগে হয়েছে নায়িকাদের চুক্তি স্বাক্ষর। এবার নির্মাতা জানালেন ক্যামেরা ওপেনের দিনক্ষণ। বললেন, শাকিবের পাঁচদিন আগে টিমের সঙ্গে যুক্ত হবেন মাহি।

অনন্য মামুন বলেন, “নবাব এলএলবি’র শুটিং শুরু হচ্ছে ৩০ আগস্ট থেকে, শাকিব খান ১০ সেপ্টেম্বর, মাহি ৫ সেপ্টেম্বর টিমের সঙ্গে যুক্ত হবেন।”

ফেইসবুকে শুক্রবার এসেছেন এ ঘোষণা। বোঝা গেল, অতি প্রতীক্ষিত জুটির দেখা হচ্ছে শিগগিরই।

ঈদুল ফিতর উপলক্ষে অনন্য মামুন এ সিনেমার ঘোষণা দেন। পরে মহামারি পরিস্থিতির জন্য সব পিছিয়ে যায়।

সম্প্রতি সিনেমাটির চিত্রনাট্য শেষ করেছেন অনন্য মামুন। সঙ্গে ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে আছেন দীপংকর দীপন।

এর আগে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব ও মাহি। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটি ভালো ব্যবসা করে। এর পর ‘দবির সাহেবের সংসার’-এ ক্যামিও রোলে শাকিবকে অল্প সময়ের জন্য দেখা যায়। অন্যদিকে ‘নবাব এলএলবি’ হতে যাচ্ছে কিং খানের সঙ্গে স্পর্শিয়ার প্রথম সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত