গান নিয়েই ব্যস্ত চিরসবুজ বিশ্বজিৎ

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০১:২১ এএম

সময়ের সঙ্গে সঙ্গে শোবিজে শিল্পী বদল হয়। কিন্তু অল্প কিছু শিল্পী থাকেন যারা কখনো ফুরিয়ে যান না। সময়ের দাবি মেনে নিয়ে তারা নব নব রূপে আবির্ভূত হন ভক্তের সামনে। এজন্যই তারা থেকে যান সবার হৃদয়ে। কুমার বিশ্বজিৎ তেমনি একজন শিল্পী। সময়কে জয় করে তিনি এগিয়ে গেছেন। তাই তো তাকে বলা হয় চিরসবুজ শিল্পী। শুধু যে চেহারা বা গ্ল্যামার ধরে রাখার জন্য তাকে এভারগ্রিন বলা হয় তা কিন্তু নয়। এখনো নিরলস গানের সঙ্গেই কাটছে তার সময়।

করোনার মধ্যে অনেকেই একেবারেই বসে আছেন। সেখানে কুমার বিশ্বজিৎ কাজ করে যাচ্ছেন আপন গতিতে। এখন দুটি সংগীত রিয়ালিটি শোর বিচারকাজের দায়িত্ব তার কাঁধে। প্রবাসীদের নিয়ে আয়োজিত ‘সিঙ্গাপুরে গানের পাখি প্রতিযোগিতা-২০২০’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। এ প্রসঙ্গে কুমার বিশ^জিৎ বলেন, ‘করোনার এ বিপর্যয় মুহূর্তে প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মনোবল চাঙ্গা করতেই মূলত এই আয়োজন। একেবারেই মানবিক জায়গা থেকে আমি এ প্রতিযোগিতার জন্য যুক্ত হয়েছি। আগামীকাল সিঙ্গাপুর সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি’ ফেইসবুক পেজ থেকে অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব দেখানো হবে। সিঙ্গাপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে সচেতনতা বৃদ্ধি, ভাইরাস সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে এ পেজটি। এছাড়া তারা দীর্ঘদিন ধরে প্রতিভাবান প্রবাসীদের সবার সামনে তুলে ধরার কাজটিও করে যাচ্ছে। এতে নিয়মিতভাবে গান, গল্প, কবিতা ও বিভিন্ন প্রতিষ্ঠিত প্রবাসীদের জীবনের গল্প প্রচার করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ‘সিঙ্গাপুরে গানের পাখি-২০২০’।

এছাড়া ধ্রুব মিউজিকের আয়োজনে ‘আমার গান’ অনলাইন প্রতিযোগিতারও প্রধান বিচারক কুমার বিশ্বজিৎ। সঙ্গে আরও আছেন বাপ্পা মজুমদার ও ইমরান। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘যদি কেউ নিজে গান লিখতে পারে, সুর করতে পারে এবং গাইতে পারে, অর্থাৎ এ তিনটি গুণ যাদের মধ্যে আছে তারাই অংশগ্রহণ করতে পারবে এ প্রতিযোগিতায় এবং বিচারকদের সুচিন্তিত রায়ে বেরিয়ে আসবে সংগীতের একাধিক মেধাবী অলরাউন্ডার।’ তিনি আরও বলেন, ‘এ দুঃসময়ে দারুণ একটি কাজ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক। এ উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবিদার। এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। একটা ব্যতিক্রমী আয়োজন। নতুন অভিজ্ঞতা হবে।’

শুধু বিচারকাজ নয়, ভক্তদের নতুন গান উপহার দেওয়ার দায়বদ্ধতাও গুরুত্বের সঙ্গে দেখেন কুমার বিশ^জিৎ। তিনি বলেন, ‘গানের শিল্পী হিসেবে আনুষঙ্গিক নানা ধরনের কাজ আমাদের করতে হয়। কিন্তু আমার প্রকৃত পরিচয় তো গায়ক। গানের জন্যই তো দর্শকের এত ভালোবাসা পাই। তাই সেই ভালোবাসা অটুট রাখতে হলে তাদের নিয়মিত ভালো গান উপহার দেওয়ার বিকল্প নেই। আমি যতই অন্য কাজে ব্যস্ত থাকি না কেন, নতুন গান নিয়মিত প্রকাশ করতে ভুল হয় না। এখনো অনেক গানের কাজ শেষ করা আছে। সময়টা একটু স্বাভাবিক হলে গানগুলোর মিউজিক ভিডিও প্রকাশ হবে।’ কুমার বিশ্বজিৎ ভক্তদের এবার নতুন এক চমক দিতে চলেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যা এ প্রজন্মের শিল্পীরা নিয়মিত গেয়ে থাকেন। ভক্তরা গুনগুন করেন। তেমনি কিছু গান নতুন সংগীতায়োজনে তৈরি করছেন তিনি। আজকাল এই প্রজেক্ট নিয়েই ব্যস্ত। বলছিলেন, ‘এই প্রজেক্ট নিয়ে আমি অনেক আশাবাদী। অনেক দিন ধরে পরিকল্পনা করে কাজটি করছি। গতকালও একটি গানের রেকর্ডিং করেছি। তবে এখনই বেশি কিছু বলতে চাই না। সব কাজ শেষ করে সবাইকে জানাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত