রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার, টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছেন। এই চক্রের হোতা মাসুদ এর আগেও ডিবির হাতে গ্রেপ্তার হন। জামিনে বেরিয়ে ফের একই কাজ শুরু করেন।
এসি এস এম শামীম দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচতলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেপ্তার করা হয়।
