গাজীপুরে অপহরণের ১৩ দিন পর যুবক উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০১:৫১ এএম

গাজীপুরে অপহরণের ১৩ দিন পর মো. ইশতিয়াক (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে নগরীর চান্দনা চৌরাস্তাসংলগ্ন আউচপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুই ভাইকে আটক করা হয়েছে।

অপহৃত ইশতিয়াক কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকার মো. আমির আলীর ছেলে। আটকরা হলো মে. শামীম মোল্লা (২২) ও মো. রাজু মোল্লা (২০)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। থাকত চান্দনা চৌরাস্তা এলাকার আলমাছের বাড়িতে।

র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন গতকাল শুক্রবার বিকেলে জানান, গত ১৫ আগস্ট কর্মস্থল নারায়ণগঞ্জ যাওয়ার পথে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকা থেকে অপহৃত হন ইশতিয়াক। এ ঘটনায় তার পরিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি র‌্যাবকে জানালে অভিযান চালিয়ে আউচপাড়া থেকে অপহৃতকে উদ্ধার এবং জড়িত দুই ভাইকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা মামুন আরও জানান, ভিকটিমের পরিবারকে ফোন দিয়ে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করবে বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ইশতিয়াককে অপহরণের কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত