বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে কেজিপ্রতি বেড়েছে ৫ টাকা। গত ২৪ আগস্ট প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২০-২১ টাকা দরে বিক্রি হলেও গত বৃহস্পতিবার ২৬ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়াও নতুন নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বন্দর দিয়ে সড়ক ও রেলপথে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সেদেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমায় দাম বাড়তির দিকে রয়েছে। যার ফলে আগে বন্দর দিয়ে ৩০-৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ২০-২২ ট্রাক করে আমদানি হচ্ছে। বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও সম্প্রতি নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে যার কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে।
