গণতন্ত্র ফেরানোর আন্দোলনে দরকার ঐক্য : ফখরুল

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০২:০৭ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একনায়কতন্ত্র থেকে দেশে গণতন্ত্রে ফিরিয়ে আনার আন্দোলনে ‘ইস্পাতকঠিন ঐক্য’ দরকার। গতকাল শুক্রবার বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ড্যাবের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই লড়ছি সেটা আমাদের বাঁচা-মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসিতে ফিরে আসা এটা খুব কঠিন লড়াই। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সে জন্য আমাদের এখন প্রয়োজন হচ্ছে ইস্পাতকঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন, ৩৫ লক্ষ মানুষ আসামি হয়েছেন, এক লক্ষের ওপরে মামলা হয়েছে। আমাদের হাজারের ওপরে মানুষ খুন হয়ে গেছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৫শ’র ওপরে গুম হয়ে গেছেন। অসংখ্য মামলায় জর্জরিত আমাদের সব নেতাকর্মী। এই নিপীড়ন থেকে এমনকি আমাদের চিকিৎসকরাও রেহাই পাননি। আজকে এই কভিডের ফলে দেশে যে অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হচ্ছে, মানুষ যে অসহায় অবস্থায় পড়ছে এর  থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।’

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম ও জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান প্রমুখ।

সভায় ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন  জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত