মেসির জাদুকরী গোলই সেরা

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০১:০০ এএম

এবারের চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারের প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে নাপোলিকে ৩-১ গোলে হারায় বার্সা। দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। জাদুকরের জাদুকরী গোলই বটে। লুইস সুয়ারেজের আড়াআড়ি চিপ নাপোলি বক্সের বাইরে ডান দিক থেকে ধরে তিন ডিফেন্ডারের ফাঁক গলে বক্সে ঢোকেন মেসি। বক্সে পড়ে গিয়েছিলেন, একটু ভাগ্যের ছোঁয়াও ছিল। বলের নিয়ন্ত্রণ হারিয়েও তা মুহূর্তের মধ্যে সৌভাগ্যবশত পেয়ে যান। কিন্তু বল যখন নিয়ন্ত্রণে নিচ্ছেন, তিনি মাটিয়ে আধশোয়া, নাপোলির তিন ডিফেন্ডার তাকে ঘিরে ধরেছেন। ওই অবস্থায়ই বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন মেসি।

দর্শকদের ভোটে চ্যাম্পিয়নস লিগে সেরা নির্বাচিত হয়েছিল  লিওঁর বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল। টেকনিক্যাল পর্যবেক্ষকরা বেছে নিলেন ন্যু ক্যাম্পে ২৩ মিনিটে মেসির করা সেই গোল।

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্নের ৮-২ গোলের জয়ের ম্যাচে ৬৩তম মিনিটে জসুয়া কিমিচের করা গোলটি আছে তালিকায় দ্বিতীয় স্থানে। অবশ্য শুধু নিখুঁত টোকা দেওয়ার কাজটুকুই করেছিলেন তিনি। বাঁ দিক দিয়ে একে একে বার্সেলোনার তিনজনকে কাটিয়ে বাইলাইনের একটু ওপর দিয়ে ছুটে গিয়ে কিমিচকে বলটা বাড়িয়েছিলেন আলফনসো ডেভিস।

গ্রুপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দিনামো জাগরেভের দানি ওলমোর গোলটি তালিকায় তৃতীয় এবং সøাভিয়া প্রাগের বিপক্ষে ইন্তার মিলানের লাউতারো মার্তিনেজের চমৎকার ভলিতে পাওয়া গোলটি রয়েছে তালিকায় চতুর্থ স্থানে।

গ্রুপ পর্বে টটেনহ্যাম হটস্পারের মাঠে ৭-২ গোলের বিশাল ব্যবধানে জেতে বায়ার্ন। হ্যাটট্রিকসহ চার গোল উপহার দেন সার্জ নাব্রি। তার বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে উঠে করা গোলটি আছে পঞ্চম স্থানে।

সেরা দশে জায়গা পেয়েছে লাইপজিগের মার্সেল সাবিতজার, বার্সেলোনার লুইস সুয়ারেজ, জুভেন্তাসের ডগলাস কস্তা, আয়াক্সের হাকিম জিয়াশ ও পিএসজির কিলিয়ান এমবাপের গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত